সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. আব্দুল্লাহ তাহের

সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী এবং তার সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দল তো আন্দোলনে আছে। সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন, আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। আবার জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব।’

ডা. তাহের আরও বলেন, ‘তবে, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে আমি মনে করি। কিন্তু মানুষের দাবি-দাওয়া বা সরকারের ভুল ধরে দেওয়ার জন্য যে পরিমাণ চাপ সৃষ্টি করার দরকার, সেটা আমরা করছি।’

স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রশিদ তোফায়েল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন, জামায়াতের কেন্দ্রীয় নেতা ভিপি শাহাব উদ্দিন প্রমুখ।