যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির খসড়া পৌঁছে দেওয়া হচ্ছে: কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতি লাভ করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আদান-প্রদান করা হচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আলোচনা চলছে কি না, এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব পক্ষকে নিয়েই কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ওমান সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। ধারণাপত্র ও চুক্তির খসড়া আদান-প্রদানের মাধ্যম হিসেবে ওমানকে ব্যবহার করা হচ্ছে।

আল-আনসারি আরও জানান, মধ্যস্থতাকারীদের এখনকার প্রধান লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদি সমাধান বের করা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার সরাসরি আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠকের তারিখ নির্ধারিত নেই। তবে খুব শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করছে দোহা।

মধ্যস্থতাকারীরা মনে করছেন, আলোচনা আবার শুরু করতে পারলে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির জন্য বড় কোনো চুক্তির পথ তৈরি করতে পারে।