দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মোবাইল ফোনে একটি অনলাইন গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত। পড়ালেখা বাদ দিয়ে যে বা যারা এসব ঘটনায় জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। আমরা শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস বরদাশত করবো না। কেউ উসকানি দিলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।’
গত তিন দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন তারা।
এসব ঘটনার রেশ দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। যে কোনো সময় অন্য ক্যাম্পাসগুলোতেও সংঘর্ষে জড়াতে পারে ছাত্রদল-শিবির নেতাকর্মীরা। এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।