জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে 'বর্ষা বিপ্লবের গান’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীদের একটি তারকাবহুল লাইনআপ। 

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান।

এ ছাড়া বিশেষ পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ এবং আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার জন্ম হয়েছিল, সেটিকে সংগীতের মাধ্যমে উদ্‌যাপন করাই এই কনসার্টের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।