‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, সরকারি ছুটি উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এক দিনের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক রয়েছে। সপ্তাহের সাত দিনই এ চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু থাকে।