জুলাই গণঅভ্যুত্থান

২৪’এর এইদিনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন রেহানাও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তিনি ইতোমধ্যে দেশও ছেড়েছেন। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাহ পরিবারের সদস্যরাও দেশ ত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা যাত্রা করেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হন।

এদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে জানিয়েছেন, বর্তমান সংকট নিরসনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের আলোচনা চলছে।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও সে সুযোগ পাননি।