৬০ গ্রাম হেরোইন হেফাজতে রাখার দায়ে সিরাজগঞ্জে সোহেল রানা (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লা সারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। খালাসপ্রাপ্ত আসামি একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আলেকজান্ডার ওরফে আলিক।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩ এপ্রিল সন্ধ্যায় সলঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামারচর বাজার নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলস বাসে তল্লাশি চালায়। এ সময় এক যাত্রীর ব্যাগ থেকে দুটি প্যাকেটে মোট ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি মাদকটি বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেন এবং অপর সহযোগীর নাম প্রকাশ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করে।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে মো. শামচুজেজাহ (শাহানশাহ) এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন মামলা পরিচালনা করেন।