কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে জলদস্যুদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। তাঁদের মধ্যে ট্রলারের মাঝির অবস্থা গুরুতর।

বুধবার (৫ আগস্ট) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়। গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আরও তিনজন কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ট্রলারটির মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে ‘এফবি মিম’ ট্রলারটি চরফ্যাশন থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মাছ শিকার শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ট্রলারে উঠে জেলেদের মারধর করে। একপর্যায়ে তারা প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল নৌ পুলিশের কার্যপরিধির বাইরে। এরপরও আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।