সিরাজগঞ্জ

জমিতে ধানের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বৃষ্টির মধ্যে ধানের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ সিয়াম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত সিয়াম এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সিয়াম ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে এবং বেলকুচি ডিগ্রি কলেজের ছাত্র।

নিহতের পরিবার ও রাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো. মোতালেব হোসেন প্রামাণিক জানান, বুধবার সকাল ৯টার দিকে সিয়াম বাড়ির পাশের মাঠে বৃষ্টির মধ্যেই রোপা ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে মাঠেই তার মৃত্যু হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চর সমেশপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’