মস্তিষ্কে প্রদাহ সৃষ্টিকারী চন্দিপুরা ভাইরাসের আক্রমণে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট ও রাজস্থানে ন্যাশনাল রেসপন্স টিম (এনআরটি) মোতায়েন করেছে দেশটির সরকার।
বুধবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দল স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদারে সহায়তা করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চন্দিপুরা ভাইরাস সাধারণত বর্ষা মৌসুমে বালুমাছি, মশা ও অন্যান্য বাহক পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিসের কারণ হতে পারে, যা দ্রুত জটিল ও প্রাণঘাতী রূপ নিতে পারে।
প্রাদুর্ভাবের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গুজরাটে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, এ পর্যন্ত ১৮৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এদিকে গত মাসে রাজস্থানেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ, মশা ও অন্যান্য বাহক পোকা দমন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের জ্বর, খিঁচুনি কিংবা স্নায়বিক জটিলতার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।