জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা, জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল গণভোটকে বিভ্রান্তিকর ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমি বিনীতভাবে গনতন্ত্রের পক্ষের সব শক্তিকে আহ্বান জানাচ্ছি, জনগণ ভোট দিয়ে যে পার্লামেন্ট তৈরি করেছে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই পার্লামেন্টই হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্তের জায়গা। জনগণের সব ক্ষমতা এই পার্লামেন্টের মাধ্যমেই চর্চা হবে। আমাদের দেশের সংবিধান, রাষ্ট্র, রাজনীতি, বিজ্ঞান কোনো কিছুতেই নির্বাচিত একটি পার্লামেন্টের চাইতে অন্য কোনো ক্ষমতাবান কর্তৃপক্ষ জনগণ বরদাস্ত করে না। অতএব এর পরও যদি কোনো বিতর্ক থেকে থাকে তাহলে তার মীমাংসার একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট এবং পার্লামেন্ট।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি, এনসিপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।