ভারতের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও একে অপরের সঙ্গে বিনিময় করেন।
অভিযোগ রয়েছে, সম্পর্কের অবনতি হলে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে সেগুলো তরুণীর কয়েকজন নিকট আত্মীয়ের কাছেও পাঠিয়ে দেন। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে বিষয়টি জামালপুরের পুলিশ সুপারের কাছে জানানো হলে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। এসব তথ্য বিশ্লেষণ করে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও তার আত্মীয়দের কাছে পাঠানোর অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পরে আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।