শাহ বুলবুলের ‘মৃত্যু ও নির্বাসন’ নিয়ে পাঠ পর্যালোচনা শুক্রবার

সমকালীন বাংলা কবিতায় নিজস্ব কাব্যভাষার জন্য পরিচিত কবি শাহ বুলবুলের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’ নিয়ে পাঠ পর্যালোচনার আয়োজন করেছে সৃজন পাঠচক্র। 

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন কবি হুসাইন আলমগীর, সফিকুল ইসলাম, আহমেদ বাসার ও কবি নুসরাত সুলতানা। পাশাপাশি থাকবে কাজী গিয়াস উদ্দিনের একক কবিতা পাঠ এবং ‘উচ্চশিক্ষা ও রাজনীতির সঙ্গে সাহিত্যের সম্পর্ক’ শীর্ষক বিষয়ে শিবলী আজাদের একক বক্তৃতা।

২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় সৃজন প্রকাশনী থেকে প্রকাশিত ‘মৃত্যু ও নির্বাসন’ গ্রন্থে অবরুদ্ধ জীবন, অস্তিত্বের সংকট, প্রেম, শূন্যতা এবং সময়ের নির্মম বাস্তবতা কাব্যিক ব্যঞ্জনায় উঠে এসেছে বলে প্রকাশকের ভাষ্যে উল্লেখ করা হয়েছে। অলংকারিক ও বিমূর্ত কাব্যভাষার জন্য পরিচিত শাহ বুলবুলের এই গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রায় এক যুগ পর নতুন কাব্যগ্রন্থ নিয়ে পাঠকের সামনে ফিরে আসেন তিনি।

এর আগে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নির্বাসনে যাবার আগে’ পাঠকমহলে আলোচিত হয়। এছাড়া ‘ক্ষুদিরামের কথা’ ও ‘মৃত্যুহীন গেরিলা’ গ্রন্থ দুটিও পাঠকদের প্রশংসা অর্জন করেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাহিত্যপ্রেমী, কবিতাপাঠক, গবেষক এবং সংস্কৃতিমনস্ক সব আগ্রহী পাঠকের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত।