পরিচয় দিতেই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার খোকসা পৌরসভা মেয়ের প্রার্থী ও বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজু ওপর দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজু খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজু তার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির গেটে পৌঁছালে অজ্ঞাত পাঁচজন তার পরিচয় নিশ্চিত হয়েই অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে চাপাতি ও লোহার হাতুড়ি (হ্যামার) দিয়ে বেধড়ক পেটাতে থাকে। চাপাতির আঘাতে তার পায়ের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে। এসময় রাজুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে ১৬ থেকে ১৭ রাউন্ড গুলিবর্ষণ ও তিনটি ককটেল বিস্ফোরণ বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দু’টি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিজ আহমেদ রাজু বলেন, বাড়ির গেটের সামনে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চাইলে তারা উল্টো আমার পরিচয় নিশ্চিত হয়েই চাপাতি ও লোহার রড-হাতুড়ি নিয়ে ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে স্বজনেরা ছুটে এলে তারা একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে পালিয়ে যায়।’

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপি নেতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।