বাড়িতে বিয়ের আয়োজন। দিন কাটিয়ে রাত পোহালেই সেই বিয়েতে আসার কথা আমন্ত্রিত অতিথিদের। বিয়েকে কেন্দ্র করে চাচাদের সঙ্গে বাজার করতে বেরিয়েছিলেন ফেনীর ছাগলনাইয়া এলাকার যুবক ছায়েদুল হক ফনির (৩২)। কিন্তু বোনের বিয়ের ঠিক আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। এতে বিয়ে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফনির উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘরিয়া পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নয়ন জানান, আগামী শুক্রবার ফনিরের চাচাতো বোনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটা শেষে বারৈয়ারহাট থেকে টমটমযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সমিতি বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে টমটমটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফনির মৃত্যু হয়। এ সময় তার চাচা আলম ও টমটমচালক গুরুতর আহত হন।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই নোমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।