একদল ডাকাতের পিটুনিতে মারা গেছেন উগান্ডার জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরি। রাজধানী কাম্পালায় নিজ বাড়ির কাছেই নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার হন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
পুলিশ জানিয়েছে, মোবাইল ও অন্যান্য জিনিস ছিনতাইয়ের চেষ্টার প্রতিবাদ করায় ওয়োরির ওপর মারাত্মক হামলা চালানো হয়। মর্মান্তিক এ ঘটনাকে কেন্দ্র করে যেমন দেশজুড়ে শোক প্রকাশ করা হচ্ছে, তেমনি উগান্ডায় সহিংস অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উগান্ডা প্রিমিয়ার লিগে রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন স্পোর্টস ক্লাব ভিলার অধিনায়ক ছিলেন ওয়োরি। ক্লাবে রাইটব্যাক এবং মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এছাড়া জাতীয় দলেও ডাক পেতেন ওয়োরি।
স্পোর্টস ক্লাব ভিলার শোকবার্তায় বলা হয়, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি—হারিয়েছি একজন নেতা, ভাই ও বন্ধুকে।’
উগান্ডার সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’ জানিয়েছে, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কাম্পালার উপকণ্ঠ মাকিন্ডিয়েতে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের শিকার হয়ে মারা যান ওয়োরি। তার ক্লাবের সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সেদিন রাত আটটা নাগাদ নিজ বাড়ির কাছে হামলার শিকার হন ওয়োরি। হামলাকারী ইট দিয়ে তার মাথায় এবং শরীরে আঘাত করে। এরপর ওয়োরির সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে অচেতন অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ওয়োরিকে উদ্ধার করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কেস ক্লিনিকে স্থানান্তরিত করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ আগস্ট) মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাম্পালা মেট্রোপলিটন পুলিশের উপ-মুখপাত্র লুক ওয়োইয়েসিগিরে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ওয়োইয়েসিগিরে বলেন, ‘আমরা হামলাকারীদের খোঁজে ইতিমধ্যে অভিযান শুরু করেছি এবং তদন্ত চলছে। ঠিক কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে এবং তার কাছ থেকে তারা কী কী ছিনিয়ে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’ স্থানীয় পুলিশ মুখপাত্র র্যাচেল কাওয়ালা জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছে।
ভক্তদের কাছে ‘কোলগেট’ নামে পরিচিত এই ডিফেন্ডারের স্মরণে শোক ও শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। উগান্ডা ফুটবল ফেডারেশন ওয়োরিকে স্মরণ করে বলেছে, তিনি ছিলেন ‘মাঠ এবং মাঠের বাইরে এক সত্যিকারের নেতা।’
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘ডেভিড শুধু একজন ফুটবলার ছিলেন না; তিনি ছিলেন পুরো প্রজন্মের অনুপ্রেরণা।’ এর পাশাপাশি উগান্ডা জাতীয় ফুটবল দল ‘দ্য ক্রেনস’ শোক প্রকাশ করে জানিয়েছে, দেশটি এমন এক ফুটবল তারকাকে হারাল, যিনি পুরো উগান্ডার আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। উগান্ডার সংসদে ওয়োরির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দ্রুত তদন্ত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
ওয়োরির মর্মান্তিক মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই কাম্পালায় সহিংস অপরাধের লাগামহীন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছেন।