পাঁচ ছেলের ৪ জনই থাকেন প্রবাসে। মায়ের ইচ্ছে ছিল ছেলেরা হেলিকপ্টারে ফিরবে বাড়ি। কিন্তু জীবদ্দশায় তা দেখে যেতে পারেননি তিনি। তার মৃত্যুর প্রায় তিন বছর পর মায়ের সেই ইচ্ছে পূরণেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছে প্রবাসী দুই ভাই।
জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়িতে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাদের বহন করা হেলিকপ্টারটি চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবতরণ করেন। এসময় উৎসুক জনতার একনজর দেখতে মাঠে ভিড় করেন।
এই ঘটনায় আলোচনায় আসা দুই সহোদর হলেন- আলামিন ও সোলাইমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে দুই ভাই বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে হেলিকপ্টারে গ্রামে আসেন। এ সময় বাবা গিয়াসউদ্দিন মন্ডল, ফুপাতো ভাই জরিপ মিয়াসহ এলাকাবাসী তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। প্রথমবারের মত হেলিকপ্টারের আগমনে চরগোলাবাড়ি এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নারী, পুরুষ শিশুসহ সব বয়সের হাজারো মানুষের ভিড় জমে।
প্রবাসী সোলাইমান বলেন, আমরা পাঁচভাই, এরমধ্যে ৪ ভাই মালয়েশিয়া থাকি। আমার মায়ের ইচ্ছে ছিল আমরা যেন হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসি। মা মারা গেছে ৩ বছর আগে, মৃত মায়ের ইচ্ছে পূরণ করতেই আমরা দুই ভাই বিমানবন্দর থেকে ভাড়া করা একটি হেলিকপ্টারে গ্রামে এসেছি।
আলামিনের খালাতো ভাই আনিস শেখ বলেন, আমার খালাতো দুই ভাই হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসবে৷ তাই আমরা স্ব-পরিবারে এসেছি। হেলিকপ্টার দেখতে হাজারো মানুষ এসেছে। বিষয়টি আনন্দের।
হেলিকপ্টার দেখতে আসা চরগোলাবাড়ি এলাকার বৃদ্ধা নছিমন বেগম বলেন, শুনছি আমাদের চরগোলাবাড়ি দক্ষিনপাড়া গিয়াস উদ্দিন মন্ডলের দুই ছেলে আলামিন ও সোলাইমান হেলিকপ্টার দিয়ে আসতেছে। হেলিকপ্টারের নাম শুনছি, কিন্তু কোনদিন দেখিনি। আজকে প্রথমবারের মত দেখলাম।
৫ নম্বর ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুর রহমান বলেন, আলামিন ও সোলাইমান আমার বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। মৃত মায়ের ইচ্ছে পূরণে তাদের কাজে আমরা তাদের শিক্ষক হিসেবে গর্বিত।