বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

মিথ্যা অভিযোগ ও চরিত্রহননের প্রতিবাদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

পোস্টে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য আসিফ মাহমুদের বিরুদ্ধে তিন কোটি টাকা দাবির ভিত্তিহীন অভিযোগ করেছিলেন ওই সংসদ সদস্য। পরবর্তীতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করে সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য চাওয়া হলেও তিনি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। আসিফ মাহমুদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতেই এই মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে।

আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে আনীত অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এটি করা না হলে প্রচলিত আইনে মানহানির অভিযোগে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পোস্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।