ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিন সচল থাকলেও এর পরের চারটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। একই সঙ্গে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার ও রেল চলাচল স্বাভাবিক করতে একটি রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গফরগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছানোর সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর ইঞ্জিনের ঠিক পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।