থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এক উচ্চবিদ্যালয় শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী শিক্ষার্থী নিজে আত্মঘাতী হলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে এবং পো তেক টুং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা প্রথম বিষয়টি জানতে পারেন। স্কুলের এক শিক্ষার্থী জানায় যে বেগুনি রঙের শারীরিক শিক্ষার পোশাক পরা বন্দুকধারী ব্যক্তি চত্বরে একের পর এক গুলি চালায়।
ঘটনায় নিহতের তালিকায় তিনজন শিক্ষক, তিনজন শিক্ষার্থী এবং ওই হামলাকারী রয়েছে। আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
অভিযুক্ত হামলাকারী ওই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী ছিল, যে পরবর্তীতে তিন তলার এক ভবনে নিজেকে আটকে ফেলে। পুলিশ পরে জানায় যে তাকে সেখান থেকে নিজের গুলিতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং চত্বরটি ঘিরে ফেলে। উদ্ধার ও তদন্ত কাজে যেন বিঘ্ন না ঘটে সেজন্য সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে লাইভ প্রচার বন্ধ রাখতে ও এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানায় কর্তৃপক্ষ।
তদন্তকারী পুলিশ সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং পুরো ঘটনার কারণ জানার চেষ্টা করছেন।
সূত্র: ব্যাংকক পোস্ট