১৭ জনকে আহত করার অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক বানর

ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে টানা কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব চালিয়ে ১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর। বৃহস্পতিবার (৬ আগস্ট) অবশেষে বানরটিকে আটক করে খাঁচাবন্দি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। 

স্থানীয় পুলিশ প্রধান জানান, দেশটির রিয়াউ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ দল বানরটির সম্ভাব্য আস্তানায় তিনটি ফাঁদ পেতেছিল। এর মধ্যে ইন্দ্রগিরি হিলির তেমবিলাহান শহরের একটি ফাঁদে বিশাল আকারের পুরুষ মুখপোড়া বানরটি ধরা পড়ে।

ইন্দোনেশিয়ার গণমাধ্যম ‘দ্য জাকার্তা পোস্ট’-এর তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই থেকে দীর্ঘলেজি একদল ম্যাকাক বানরের লোকালয়ে উপদ্রব শুরু হয়। রাস্তাঘাটে ও বাসাবাড়িতে ঢুকে তারা শিশু ও বৃদ্ধসহ ১৭ জন বাসিন্দাকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে, যাদের অনেকেরই সেলাইয়ের প্রয়োজন পড়েছে।

বুনো প্রাণীর ধারাবাহিক এই হামলার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বুধবার থেকে তেমবিলাহান জেলার সব স্কুলে তিন দিনের জন্য সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন বা দূরশিক্ষণ কার্যক্রম চালুর নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জেপিএনএন সূত্রে জানা গেছে যে ধরা পড়া এই পূর্ণবয়স্ক বানরটির আকার, অত্যন্ত আক্রমণাত্মক আচরণ এবং মুখে থাকা বিশেষ একটি ক্ষত চিহ্নের সাথে ভুক্তভোগীদের দেওয়া বর্ণনার হুবহু মিল রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি