বিশ্বকাপের সেরা ফুটবলার রদ্রিকে দলে ভেড়ানোর দৌড়ে নেমেছিল দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুরুতে এগিয়ে ছিল লস ব্লাঙ্কোরা। তবে বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে পেছনে ফেলে রদ্রিকে দলে ভেড়ানোর পথে এগিয়ে গেছে কাতালানরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্প্যানিশ এই মিডফিল্ডার বার্সায় যোগ দেওয়ার বিষয়ে ক্লাবটির ক্রীড়া পরিচালকের কাছে সম্মতি দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম মার্কা।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণেই রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা হাতে নেয় বার্সা। ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে।
অস্ত্রোপচারের পথে না হাঁটলে ডি ইয়ংয়ের সুস্থ হতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাতে কাজ না হলে অস্ত্রোপচারের পথে যেতে হতে পারে, যা আরও লম্বা সময় নেবে। তাই ডি ইয়ংয়ের বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছিল বার্সেলোনা।
রদ্রিকে নিয়ে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও। এমনকি দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়েছিল বলে জানা গেছে। কিন্তু আলোচনা দীর্ঘায়িত হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়েছে বার্সেলোনা এবং খেলোয়াড়ের সম্মতি আদায় করেছে।
মার্কা জানিয়েছে, কয়েক দিন আগেও রদ্রির দলবদল মাদ্রিদেই গড়াবে বলে মনে করা হলেও বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সরাসরি হস্তক্ষেপে দৃশ্যপট পুরো পাল্টে গেল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সাংবাদিক কার্লোস মনফোর্ত রদ্রির সঙ্গে ফ্লিকের যোগাযোগের খবরটি জানান। জার্মান ফুটবল মিডিয়া ওয়ানফুটবল এ নিয়ে প্রতিবেদনও করেছে।
রদ্রিকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার প্রক্রিয়ায় ফ্লিক নাকি কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালকের ওপর ভরসা রাখতে পারেননি। জার্মান এই কোচ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। রদ্রি বার্সায় ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্ব বহন করেন, সেটি সরাসরি বোঝাতে রদ্রির সঙ্গে ফোনে কথা বলেন ফ্লিক। বার্সার কোচের এ প্রস্থাবে রদ্রি ও তার ঘনিষ্ঠদের মন গলেছে বলে জানিয়েছে মার্কা।
রদ্রি ‘হ্যাঁ’ বলার পর তাকে দলে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এখন রদ্রির দলবদল নিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই চুক্তি সহজ হবে না। কারণ, রদ্রির দলবদল ফি ৫ কোটি ইউরোর কম হবে না বলে জানিয়েছে মার্কা।