হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ১৬ হাজার ৭৪০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।