ইনফান্তিনোর ওপর আস্থা নেই, পদত্যাগ চায় নরওয়ের

বেশ কয়েক বছর ধরেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করে আসছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। এবার ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুললেন সংস্থাটির প্রধান লিসা ক্লাভনেস। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর প্রথম জাতীয় ফুটবল ফেডারেশন হিসেবে ইনফান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি করেছে নরওয়ে। 

নরওয়ে ফেডারেশনের পরিচালনা পর্ষদের এক বৈঠকের পরদিন ক্লাভনেস এই কথা বললেন। সেই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি তীব্র সমালোচনার মুখে পড়া ফিফা সভাপতির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। ক্লাভনেস বলেন, ‘আমরা ফিফা সভাপতিকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাতে যাচ্ছি।’

সাংবাদিকদের ক্লাভনেস বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনা করার জন্য যে প্রাতিষ্ঠানিক আস্থা প্রয়োজন, তা তার নেই। জিয়ান্নি ইনফান্তিনোর আর পেছনে ফেরার পথ নেই।’

২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে আছেন সুইস-ইতালিয়ান আইনজীবী ইনফান্তিনো। আগামী বছরের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তার। সভাপতি পদে পুনর্নির্বাচিত হতে ফিফার ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে। প্রার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করতে হবে।