কক্সবাজারের সমুদ্রসম্পদ, পর্যটন ও ব্লু ইকোনোমিকে কাজে লাগাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখেই কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর, পর্যটন ও ব্লু ইকোনোমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘স্বপ্নচূড়া আবাসিক প্রকল্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে শুধু পর্যটননির্ভর জেলা হিসেবে দেখলে চলবে না। এ অঞ্চলে সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে পারলে বিপুল রাজস্ব অর্জন সম্ভব।

তিনি জানান, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে এবং সমুদ্রসম্পদ আহরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে ব্লু ইকোনোমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াও চলছে, যেখানে সমুদ্রভিত্তিক গবেষণা পরিচালিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রকৃতি আমাদের যে সম্পদ দিয়েছে, তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। এটাই আমাদের পরিকল্পনা। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।”

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু বহুতল ভবন নির্মাণ করে পর্যটন শিল্পের বিকাশ সম্ভব নয়; বরং প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে রিসোর্ট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করতে হবে। একই সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার নির্দেশনাও দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রায় ১০০ কিলোমিটারজুড়ে বিস্তৃত সমুদ্রসৈকতকে পরিকল্পিতভাবে ব্যবহার করে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণের উদ্যোগ নিতে হবে। কক্সবাজারকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এটি নিয়ে পুরো জাতি গর্ব করতে পারে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘স্বপ্নচূড়া আবাসিক প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে তিনি কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।