মুখে এক কথা আর আচরণে অন্যটা মুনাফেকির লক্ষণ: প্রতিমন্ত্রী পুতুল 

বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মহিলা, শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পাশাপাশি বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেছেন, কোন কারণ কিংবা অজুহাত ছাড়াই সংসদে এক কথা এবং সংসদের বাইরে আরেক ধরনের আচরণ করা হচ্ছে। মুখে এক কথা আর আচরণে অন্যটা মুনাফেকির লক্ষণ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি আয়োজিত মহিলা কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সমাজের নারী-বোনদের বিভ্রান্ত করা হচ্ছে। জান্নাতের বুলি দিয়ে ব্রেনওয়াশসহ বিভিন্ন সংগঠনের নামে মেয়েদের ম্যানুপুলেট করা হচ্ছে। আর যেন কেউ যেন বিপথগামী না হয় সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, অতীতের সরকার মেগা প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেছে। বর্তমানে সেই দুর্নীতি কিংবা অর্থ আত্মসাতের সুযোগ কেউ পাবে না। আসন্ন স্থানীয় নির্বাচনে ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুতসহ ঐক্য সুদৃঢ় করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

এতে অন্যান্যর মধ্যে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত মহিলা আসনের (৩০৬) ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।