স্বস্তির বার্তা পেলেন তামিল মুখ্যমন্ত্রী বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) পার্টির প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। শুক্রবার (৭ আগস্ট) আদালতে ভার্চ্যুয়ালি উপস্থিত হয়ে তিনি মামলা প্রত্যাহারের কারণ তুলে ধরেন। এরপর আদালত আনুষ্ঠানিকভাবে মামলাটি নিষ্পত্তি করে বন্ধ ঘোষণা করেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। সে সময় তিনি বিয়ে ভেঙে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। আবেদনে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ‘অমীমাংসিত মতপার্থক্য’-কে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় অবস্থিত দাম্পত্য বাসভবনে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।

বিজয় ও সঙ্গীতার দাম্পত্য-সংক্রান্ত মামলার শুনানি চলতি বছর বেশ কয়েকবার মুলতবি হয়েছে। গত ১৫ জুন সঙ্গীতা আবেদনটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলে মামলার কার্যক্রম মুলতবি করা হয়। ওই শুনানিতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও অংশ নিয়ে আদালতকে তার সিদ্ধান্তের কথা জানান। সে সময় পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়।

গত মাসেও নির্ধারিত শুনানিতে বিজয় ও সঙ্গীতা-কেউই আদালতে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা আদালতকে জানান, ব্যক্তিগতভাবে হাজির হতে তাঁদের অসুবিধা রয়েছে। এর আগেও কয়েকটি শুনানিতে একই পরিস্থিতি দেখা যায় এবং উভয়ের পক্ষ থেকে আইনজীবীরাই আদালতে উপস্থিত ছিলেন।

শুক্রবার সঙ্গীতার আনুষ্ঠানিক আবেদন গ্রহণের মাধ্যমে আদালত মামলাটি বন্ধ করে দেয়। ফলে কয়েক মাস ধরে আলোচনায় থাকা এই বৈবাহিক বিরোধের আইনি অধ্যায়ের ইতি ঘটল।

বিজয় ও সঙ্গীতার সম্পর্ক প্রায় তিন দশকের পুরোনো। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে। এর মধ্যে ২০০০ সালে তাদের একটি ছেলে এবং ২০০৫ সালে একটি মেয়ের জন্ম হয়।

২০২৩ সালে বিজয়ের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর এই দম্পতির দাম্পত্য জীবনে সমস্যার গুঞ্জন শুরু হয়। যদিও সে সময় এসব দাবি অস্বীকার করা হয়েছিল। তবে ২০২৫ সালে টিভিকে আয়োজিত দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে সঙ্গীতা অংশ না নেওয়ায় বিষয়টি আবারও আলোচনায় আসে।

উল্লেখ্য, সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে সরকার গঠন করে। এর মাধ্যমে বহু বছর পর তামিলনাড়ুতে একটি জোট সরকার গঠিত হয়।