‘জুলাই আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা একক দলের সম্পদ নয়’

জুলাই আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা একক দলের সম্পদ নয়। এই আন্দোলন দীর্ঘ সংগ্রাম ও বহু মানুষের ত্যাগের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ।

শুক্রবার (৭ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার অডিটোরিয়ামে বিএনপির কুমিল্লা বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মরহুম আব্দুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মীর নেওয়াজ আলী বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাই জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা ঠিক নয়।

তিনি আরও বলেন, ‘কারও সম্পর্কে মন্তব্য করার আগে নিজের অবস্থান, অতীত ও রাজনৈতিক পরিচয় সম্পর্কে ভাবা উচিত। আপনারা কে ছিলেন, কোথায় ছিলেন এবং আপনাদের রাজনৈতিক পটভূমি কী—সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।’

এ সময় এনসিপির নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘এখনও সময় আছে, নিজেদের শুধরে নিন। অন্যথায় সামনের দিনগুলো আরও কঠিন হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও কুমিল্লা জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেন।