বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসসংলগ্ন হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই বছর আগে হাতে চোট পেয়ে অস্ত্রোপচারের সময় ডান হাতে একটি প্লেট বসানো হয়েছিল। এবার অস্ত্রোপচারের মাধ্যমে সেই প্লেটটি অপসারণ করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আগামী এক-দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
মিঠুনকে দেখতে শুক্রবার সকালে হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। চিনার পার্কের বাড়ি থেকে সরাসরি বাইপাসের পাশের ওই হাসপাতালে যান তিনি। সেখানে মিঠুনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু।
হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক।’
তিনি আরও বলেন, মিঠুনের ছোট একটি অস্ত্রোপচার হয়েছে এবং তিনি ভালো আছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবিও প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।
এর আগে নির্বাচন-পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী।