ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়

বঙ্গোপসাগর এলাকায় একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে চলতি মাসেই। সেই সঙ্গে এ মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড়ের পাশাপাশি এক থেকে দুটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে।

তবে আগস্টে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে এবং মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 

এ ছাড়া আগস্ট মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।