২০৮ দিন ধরে সাগরে ভাসছে মার্কিন রণতরি, জবাব চায় ২০০ পরিবার

ইরান যুদ্ধের কারণে নির্দিষ্ট কোনো ফেরার তারিখ ছাড়াই সমুদ্রসীমায় অবস্থান করছেন বিমানবাহী রণতরি ইউএসএস লিঙ্কনে কর্মরত নাবিক ও মেরিনরা। তাদের মানসিক স্বাস্থ্য, খাবার সংকট এবং বসবাসের নাজুক পরিবেশ নিয়ে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহির মুখোমুখি করেছেন তাদের স্বজনেরা। 

সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাও-এর কাছে জাহাজে থাকা পাঁচ হাজার সেনার মানসিক অবসাদ, সুপেয় পানির অভাব, শৌচাগারের সমস্যা, ক্ষতিকর ছত্রাকের উপস্থিতি, খাবারের ঘাটতি ও ডাকসেবা ব্যাহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রায় দুই শত পারিবারিক সদস্য। গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো ছাড়ার পর রণতরিটি ২৫৯ দিন ধরে মোতায়েন রয়েছে এবং মাঝপথে মাত্র দুইবার বিরতি নিয়ে টানা ২০৮ দিন ধরে সাগরে অবস্থান করছে।

ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব জানান, রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্টকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি চলছে যা পরবর্তীতে লিঙ্কনের স্থলাভিষিক্ত হবে, তবে সামরিক নিরাপত্তার স্বার্থে তিনি সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল ও ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো দীর্ঘমেয়াদী এই মোতায়েনের ফলে সেনা ও পরিবারগুলোর ওপর পড়া চাপ এবং বাহরাইন কেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কথা স্বীকার করেছেন। তারা জানান, প্রাথমিক ধাক্কা সামলে উঠে বর্তমানে খাদ্যদ্রব্য, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী ও ডাক সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে উন্নত করার চেষ্টা চলছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে নাবিকদের মানসিক সহায়তার জন্য প্রতিরোধ কাউন্সিলর ও ধর্মযাজক নিয়োজিত রাখা হয়েছে, পাশাপাশি শৌচাগার ও বায়ুচলাচল ব্যবস্থার ত্রুটিগুলো দ্রুত সংস্কারের কাজ চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি