দেশের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু ইয়েমেনের

ইয়েমেনের সেনাক্যাম্পগুলোতে বিদ্রোহী হুথি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আই'এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এক বিবৃতিতে জানান, একাধিক ফ্রন্ট এবং অক্ষজুড়ে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে। গত বৃহস্পতিবার হুতিদের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেনাবাহিনীর ১৭ জন সদস্য নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো।

সেনা মুখপাত্র হুতিদের বিরুদ্ধে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলা, দেশের অর্থনীতি ধ্বংস করা এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ আনেন।

তিনি স্পষ্ট জানান, যেকোনো সংঘাত বৃদ্ধির জন্য হুতি ও তাদের পেছনের মদদদাতারা দায়ী থাকবে এবং ভবিষ্যতে আক্রমণ অব্যাহত থাকলে সেনাবাহিনী ‘দ্বিধাহীনভাবে’ জবাব দেবে। হুতিদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে জুলাইয়ের শুরু থেকেই সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই