২০২৬ বিশ্বকাপের ফাইনালে হৃদয়বিদারক পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দায়িত্বে আর থাকবেন কি না, তা নিয়ে তিনি নিজেও গভীরভাবে ভাবছেন।
তবে এই অনিশ্চয়তার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চার বছর আগে দলকে বিশ্বজয়ের স্বাদ এনে দেওয়া স্কালোনির কোনো বিকল্প তারা ভাবছেই না।
স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা বাড়লেও নতুন কোনো কোচ খোঁজার আলোচনা একেবারেই উড়িয়ে দিয়েছেন তাপিয়া। মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলের হারে শিরোপা হাতছাড়া হওয়ার পর 'টিওয়াইসি স্পোর্টস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এএফএ সভাপতি বলেন, 'নিঃসন্দেহে আমি চাই স্কালোনি থাকুক। আমরা সবাই তাকে রেখে দেওয়ার পক্ষে। আমাদের মধ্যে কথা হয়েছে এবং সে নিজেও জানিয়েছে আলোচনা অনেক দূর এগিয়েছে। তাই মনে করি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে শান্তভাবে ভাবার সময় দেওয়া উচিত এবং আমাদের সেই সিদ্ধান্তকে সম্মান করা দরকার।'
তাপিয়া আরও বলেন, 'স্কালোনির যদি মনে হয় তার আর সেই আগ্রহ নেই বা সামনে ভালো কোনো পরিকল্পনা নেই, তবে তাকে তো জোর করে আটকে রাখা যায় না। আমি চাই সে ভালো থাকুক এবং আমাদের সবারই তা-ই চাওয়া উচিত।'
উল্লেখ্য, স্কালোনির সঙ্গে এএফএ-এর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তবে সম্ভাব্য বিকল্প কোচের বিষয়ে জানতে চাইলে ফেডারেশন সভাপতি জোর দিয়ে বলেন, 'আমার প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি-সবকিছুই লিওনেল স্কালোনি।'
অনিশ্চয়তার মূল সূত্রপাত স্কালোনির নিজের আবেগঘন প্রতিক্রিয়া থেকে। স্পেনের কাছে হেরে ট্রফি হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলন পুরো শেষ করতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়ে যেন একটি সোনালি যুগের সমাপ্তির কথাই ভাবছিলেন এই সফল কোচ।