কিংস-আবাহনীকে আরও চার দিন সময় দিলো বাফুফে

গতকাল ছিল বাংলাদেশ ফুটবল লিগে চলতি মৌসুমে ক্লাব লাইসেন্সিং আবেদনের শেষ দিন। ফিফা নিষেধাজ্ঞা থাকায় ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস আবেদন করতে পারেনি। সংকটময় পরিস্থিতির জন্য দেশের দুই শীর্ষ ক্লাবের আবেদনের জন্য আরও চার দিন বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও নতুন মৌসুমের লিগের খেলা। বাফুফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সের শর্তসমূহ পূরণের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট সকল ক্লাবকে বর্ধিত সময়সীমার মধ্যে ক্লাব লাইসেন্সের জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ও শর্তসমূহ পূরণ করার জন্য অনুরোধ জানাচ্ছে।'

ঢাকা আবাহনীর মাত্র একটি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে। ক্লাবটির কর্মকর্তা সত্যজিত দাস রুপু নির্ধারিত সময়ের মধ্যেই সেটা প্রত্যাহার হয়ে যাবার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে শেষ নিষেধাজ্ঞার প্রক্রিয়ায় অনেকটা এগিয়েছি। কাল-পরশু শনি-রবি থাকায় একটু বিলম্ব হতে পারে। না হলে এর মধ্যেই নিষেধাজ্ঞা উঠে যেত। আশা করছি ১১ আগস্টের মধ্যেই আবাহনী নিষেধাজ্ঞা মুক্ত হবে।' 

ঢাকা আবাহনী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট বিদেশি ফুটবলাররের আইনজীবীর সঙ্গে চুক্তি করেছে। সেই মোতাবেক অর্থ প্রদানও করেছে। তবে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ক্লাবটির নিষেধাজ্ঞার সংখ্যা ১২। বিষয়টি নিয়ে ক্লাবের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ১১ আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ক্লাব লাইসেন্সিংয়ের মেয়াদ বাফুফে আর বাড়াবে না, তা অনেকটাই নিশ্চিত।

নিষেধাজ্ঞা উঠার পর আবার খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শেষ করা আরেকটি বড় চ্যালেঞ্জ আবাহনীর জন্য। ৩ সেপ্টেম্বর পর্যন্ত দল-বদল চললে আগস্টে ফেডারেশন কাপ, লিগের জন্য ১৩ আগস্টের মধ্যে খেলোয়াড় নিবন্ধন করাতে হবে। ১১ আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দুই-তিন দিনের মধ্যে ত্রিশের অধিক ফুটবলার-কোচিং স্টাফের নিবন্ধন ফরম পূরণ করা সময়সাপেক্ষ। ক্লাব লাইসেন্সিংয়ের মতো খেলোয়াড় নিবন্ধনও আরও তিন-চার দিন বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বাফুফের তরফ থেকে কিছু জানানো হয়নি।