সাতক্ষীরা সীমান্তে দুই ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ আগস্ট) সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বৈকারী, মাদরা ও কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি ফাইটার মোরগ জব্দ করে। একই উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে বৈকারী বিওপির দল ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

এদিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভারতীয় ওষুধ জব্দ করে। একই উপজেলার রাজপুর মাঠ এলাকা থেকে মাদরা বিওপির দল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ (ESKUF SYRUP) উদ্ধার করে।

বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আর জব্দ করা মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী সময়ে জনসমক্ষে ধ্বংসের জন্য বিজিবির স্টোরে জমা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।