ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় ঢাকাগামী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

শনিবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের সঙ্গে ঢাকাগামী অপর একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নেন।

গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।