জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, ‘এই কথাটি শুধু মুখে না বলে আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে। জুলাই আন্দোলনকারীরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন। আমরা চাই এমন বাংলাদেশ গড়ে তাদের প্রত্যাশা পূরণ করতে।’

শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই, আমার মন্ত্রণালয় থেকে যে ধরনের সুযোগ-সুবিধা অন্যান্য শহীদ পরিবাররা পাবে, ইনশাল্লাহ আপনারাও সেটা অবশ্যই পাবেন। সরকার ঘোষিত যে কোনো ধরনের সুযোগ-সুবিধা যদি শহীদ পরিবার না পেয়ে থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন; আমরা সঠিক প্রাপ্য বুঝিয়ে দেব।

মহানগর বিএনপির সভাপতি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইন প্রমুখ।