ইসরায়েলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে এক ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার (৮ আগস্ট) তুরস্ক ও সৌদি আরবের সাথে দেশের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, ইসরায়েলের বর্তমান আচরণ এবং ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ১৯৪৭ বা ১৯৪৮ সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফসল।
তিনি আরও বলেন, সেই সময় থেকেই লড়াই অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতি মোকাবেলা করতে পুরো ইসলামিক বিশ্বকে একসাথে এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই।
পাক প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করেন, ফিলিস্তিনের জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট স্থায়ী হবে।
তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল রাষ্ট্রের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র’ কখনোই বদলাবে না, সেখানে যেই ক্ষমতায় আসুক না কেন। তারা সব সময় এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে উসকে দেওয়ার কাজ চালিয়ে যাবে।
সূত্র: মিডল ইস্ট আই