হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য নতুন শর্ত দিলো ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি শুরু করার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কিছু শর্ত ও ছাড়ের দাবি জানিয়েছে ইরান। 

রোববার (৯ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ওমানের মধ্যস্থতায় আলোচনা এগোলেও যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন না করা পর্যন্ত এই নৌপথ উন্মুক্ত করা হবে না।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদের এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনকে অবশ্যই তাদের 'আচরণ সংশোধন' করতে হবে এবং ইরানসহ এ অঞ্চলের তাদের সশস্ত্র মিত্রদের বিরুদ্ধে স্থায়ীভাবে সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে কখনই আর ইরানকে হুমকি দেওয়া যাবে না এবং দেশটির বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

এছাড়া যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির 'সম্পূর্ণ ক্ষতিপূরণ' দেওয়া, ইরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং আটকে থাকা অর্থ 'বিনা শর্তে' মুক্ত করার দাবি জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ