ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত

ভারতের পুনের বারামতি বিমানবন্দরে একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। রোববার (৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানের সামান্য ক্ষতি হয়েছে।

সংবাদ অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর সীমানার ভেতরে রানওয়ে থেকে অল্প দূরে এই দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি এই একই বিমানবন্দরের কাছে লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছিলেন।

অজিত পাওয়ারের সেই মর্মান্তিক দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ৬৬ বছর বয়সী এই এনসিপি নেতার দেহরক্ষী, সহকারী এবং দুই ককপিট ক্রু নিহত হন। ঘটনাটির তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি), যা আগামী বছরের জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া চলতি বছরের ১৩ মে বারামতির কাছে আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের ঠিক আগে বিমানের একটি অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত হানলে দুর্ঘটনাটি ঘটে, তবে শিক্ষানবিস পাইলট নিরাপদে বেঁচে যান।

প্রাথমিক তথ্যের বরাতে পুলিশ কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কম উচ্চতায় উড়ছিল এবং জরুরি অবতরণের সময় একপাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত লেগে তা মাটিতে আছড়ে পড়ে।

সূত্র: এনডিটিভি