আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১

ভারতে হাইকোর্টের প্রধান বিচারপতি ওপর কালো জাদু করার অভিযোগে একজনকে আটক করেছে দেশটির পুলিশ। আত্মীয়ের জামিন করানোর চেষ্টা করতেই এই কালো জাদু করা হয় বলে জানা গেছে। 

ভারতের ছত্তিশগড় পুলিশ সুপার জানান, শুক্রবার (৭ আগস্ট) ও শনিবারের মধ্যবর্তী রাতে সিপাত থানা সীমানার দেবরি গ্রামের একটি শ্মশানে এই ঘটনা ঘটে। গভীর রাতে চার ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখে স্থানীয় গ্রামবাসীরা তাদের ঘেরাও করলে তিনজন পালিয়ে গেলেও হৃষীকেশ কুমার নামের একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে একটি মাছ, লেবু, সিঁদুর এবং প্রধান বিচারপতি রমেশ সিনহাসহ আরও দুই ব্যক্তির ছবি ও আচারের নানা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অন্য দুটি ছবির একটি ছিল ছুরিকাঘাতের মামলায় গ্রেপ্তার প্রিয়াংশু বোলের এবং অন্যটি ভুক্তভোগীর।

জিজ্ঞাসাবাদে হৃষীকেশ জানান, ছুরিকাঘাতের এক মামলায় তার আত্মীয় প্রিয়াংশু বোলে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তান্ত্রিক আচারের মাধ্যমে জামিন পাওয়ার ভিডিও দেখে তিনি ও তার তিন বন্ধু শ্মশানে এই তান্ত্রিক ক্রিয়া করতে এসেছিলেন।

ঘটনাটির অধিকতর তদন্ত চলছে জানিয়ে পুলিশ সুপার রজনেশ সিং সতর্ক করে বলেন, এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে 'কোনো আচারের মাধ্যমে জামিন মেলানো সম্ভব নয়, বরং অপরাধীদের নিজেদের সংশোধন করা উচিত।'

সূত্র: এনডিটিভি