কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাকারবারিরা একটি সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল ৬টার দিকে পালংখালী সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এর চালক ও চোরাকারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়।
জব্দ করা সিগারেটের মধ্যে ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট রয়েছে। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা। এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
জব্দ করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।