দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে বেড়েছে ৩ লাখ

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির প্রাথমিক পরিকল্পনা ছিল, আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। সে অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত ভোটারদের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল কমিশনের।

আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পিছিয়ে গেলে বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে তা সম্পূরক ভোটার তালিকা হিসেবে যুক্ত করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। সংশ্লিষ্ট নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে তা পাঠানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরুর বিষয়েও কথা বলেন ইসি সচিব। তিনি জানান, বিএনপির একটি প্রতিনিধিদল রোববার এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র নেয়নি।