দুই ট্রাকের সংঘর্ষে চাপা পড়লো অটোরিকশা, নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকের চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পশ্চিম মাধবপুরের বাসিন্দা আবুল খায়ের (৪৫) এবং রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বেলা আড়াইটার দিকে উপজেলার বেজুড়া এলাকায় ঢাকামুখী বালুবাহী একটি ট্রাক (সিলেট ঢ-৪১-০০৭৪) এবং সিলেটগামী তেলবাহী ট্রাকের (নম্বর ময়মনসিংহ চ-১১-০৮০০) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাশ দিয়ে যাওয়া একটি অটোরিকশা বালুবাহী ট্রাকটির নিচে চাপা পড়ে। এই দুর্ঘটনায় অটোরিকশা চালক আবুল খায়ের ও ট্রাকের হেলপার রিপন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তোষ মল্লিকের নেতৃত্বে একদল কর্মী এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মরদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।