ময়লার ভাগাড়ে মিলল পিস্তল-রিভলবার, ৬ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড়ে অভিযান চালায় শাহজাহানপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসব অস্ত্র ও গুলি সেখানে কে বা কারা রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়লার ভাগাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।