চট্টগ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ৪৬তম নন-বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাকসুদুল হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ করেছেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে মানসিক চাপ দেওয়া ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, যৌতুকের মামলায় শুলকবহরের কালা মুন্সি লেইনের বাসা থেকে মাকসুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।