কোমরের বেল্ট গলায় প্যাঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে গলায় কোমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ৬ নম্বর কুশংগল ইউনিয়নের পশ্চিম কুশঙ্গল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ।

নিহত বুলবুল হাওলাদার একই এলাকার তৈয়ব আলী হাওলাদার ও পারুল বেগমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কুশঙ্গল এলাকায় কাঁচা রাস্তার পাশে একটি গাছের সঙ্গে গলায় কোমরের বেল্ট গলায় দেওয়া অবস্থায় বুলবুলের মরদেহ (সড়কে) পড়েছিল। সোমবার সকালে নূর আলম হাওলাদারের মেয়ে ইতি (১৮) প্রাইভেট পড়তে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।