সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশটির পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিএনপি।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় একটি গণমাধ্যম মির্জা ফখরুলকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি আমার নলেজে নেই।’
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে দলটির প্রথম পছন্দ হিসেবে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে পরিচিত মির্জা ফখরুল ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন এবং একইসঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে ২০১১ সালের মার্চ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব ও ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রমেশ চন্দ্র সেনকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিএনপি সরকারের কৃষি এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেন। বিশেষ করে, ওয়ান ইলেভেন সরকারের সময় তাঁর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।