মানবতার ওপর নগ্ন হামলা এখনো শেষ হয়নি: নিতাই রায় চৌধুরী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ-পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের পরিবর্তনের প্রসঙ্গ তুলে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মানবতার ওপর নগ্ন হামলা এখনো শেষ হয়নি।

‘হিরোশিমা ও নাগাসাকি দিবস’ উপলক্ষে রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভ দ্য ইউথ ফোরাম এবং সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নিতাই রায় চৌধুরী বলেন, ১৯৪৫ সালের আগেই জার্মানিতে হিটলারের নেতৃত্বে ভয়ংকর ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটে। আক্রমণ ও দখলের মাধ্যমে সেই শক্তি ক্রমেই বিস্তৃত হতে থাকে। এর বিপরীতে অন্য একটি শক্তিও গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরও ভয়াবহ সংঘাতে রূপ দেয়।

তিনি বলেন, ১৯৪৫ সালের পর বিশ্ব অনেক পরিবর্তিত হয়েছে। চীন, কোরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ অনেক দেশই পরবর্তী সময়ে রাজনৈতিক ও সামাজিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। অনেক দেশ স্বাধীনতাও অর্জন করেছে।

হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার প্রসঙ্গ তুলে সংস্কৃতিমন্ত্রী বলেন, ওই হামলায় জাপানে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিল। এর দীর্ঘমেয়াদি প্রভাবও মানুষের ওপর পড়েছে। এখনো হিরোশিমা-নাগাসাকিতে বিকলাঙ্গ শিশু জন্মলাভ করে বছরের পর বছর ধরে। তারা তাদের জীবনের ঐতিহ্য হারিয়ে ফেলেছেন। মানবতার ওপর এই আঘাত কতটা ভয়াবহ, তা বোঝা যায়।

নিতাই রায় চৌধুরী বলেন, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতার ওপর আঘাত ছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আরও ভয়ংকর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, ১৯৪৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ ধীরে ধীরে স্বাধীনতা অর্জন করতে শুরু করে। উপমহাদেশে ভারত ও পাকিস্তান স্বাধীন হলেও পরে পাকিস্তান থেকে বাংলাদেশের সৃষ্টি হয়। এটি কোনো আন্তরিক ভারসাম্য রক্ষা বা বৈচিত্র্যকরণের জন্য যুদ্ধ ছিল না; বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করতে হয়েছে।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমি এইটুকু শুধু বলতে চাই, আজও পৃথিবীতে মানবতার ওপর যে নগ্ন হামলা, তা শেষ হয়ে যায়নি।’

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে চীনে বিপ্লব সংঘটিত হয় এবং সেখানে নতুন সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কোরিয়াও পরবর্তীতে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় বিভক্ত হয়।

জাপানের যুদ্ধ-পরবর্তী ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ধ্বংস ও ভয়াবহ আঘাত কাটিয়ে জাপান আবারও উন্নতির পথে ফিরে এসেছে। একইভাবে জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশও যুদ্ধের ক্ষতি কাটিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে গেছে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের—মানে আমরা এই কয়দিন আগে যে ভয়ংকর যুদ্ধ, এখনো শেষ হয়নি—এগুলো রয়ে গেল।’

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সেনাসদস্য পাঠাচ্ছে। বাংলাদেশের সন্তানরা সেখানে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্প্রতিক সময়েও বাংলাদেশেও অনেক ত্যাগ ও আন্দোলনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথাও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, জুলাইয়ের এই গণঅভ্যুত্থান ১৮ বছর ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতার সঙ্গেও সম্পর্কিত।