দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, হতে পারে ভারী বর্ষণ

রাজধানীতে আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি পারে। সেইসঙ্গে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১০ আগস্ট) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। 

এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।